ঘন কুয়াশার দাপটে দিল্লিসহ গোটা উত্তর ভারতের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বিমান ও ট্রেন পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। শনিবার দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে যাওয়ায় ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়, ১৭০টির বেশি ফ্লাইট দেরিতে ছাড়ে, এবং ১৫টি বিমানের পথ পরিবর্তন করতে বাধ্য হয়।
শুক্রবারও একই কারণে দুই শতাধিক ফ্লাইটের ওঠানামায় বিলম্ব হয়েছিল। কুয়াশার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিল্লি ছাড়াও শ্রীনগর, চণ্ডীগড়, আগ্রা, লখনউ, অমৃতসর, হিন্দন এবং গোয়ালিয়র বিমানবন্দরেও পরিষেবা বিঘ্নিত হচ্ছে।
এছাড়া, দিল্লিগামী ৫০টি দূরপাল্লার ট্রেন বিলম্বে চলছে। এর মধ্যে নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস চার ঘণ্টা এবং বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ১৪ ঘণ্টা দেরিতে চলছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এবং হরিয়ানায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ৬ জানুয়ারি থেকে কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ